কিকিউ মার্মা,বান্দরবান প্রতিনিধি: পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরপর চারবার প্রধানমন্ত্রীত্বের ধারাবাহিকতার কারনে আজকে পার্বত্য অঞ্চলে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলায় প্রত্যেকটা গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চারটি প্রকল্প উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে অধিকাংশ স্কুলকে আবাসিক স্কুলে রুপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রায় ২১৮টি ইউএনডিপি প্রাইমারি স্কুল ছিল সেগুলো সরকারিকরণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সীমান্তের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোকেও সড়ক যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কফি ও কাজুবাদাম চাষের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সুয়ালক ইউনিয়নের টংকাবতী ভাগ্যকুল চিম্বুক সড়কসহ চারটি প্রকল্পের উদ্বোধন করেন।