আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধ্বসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫-৬ জন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামশুদ্দোজা নয়ন। তবে, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি। তাদের উদ্ধার ও পরিচয় সনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রত্যাবাসন কমিশনার নয়ন।
অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা গণমাধ্যমকে জানান, গতকাল থেকে ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।
পাহাড়ধস ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।