পাহাড়ধসে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে আজ বুধবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে গতকাল মঙ্গলবার রাত আটটার সময় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় লোকজনও।
চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে রাঙামাটিতে। সেখানে পাহাড়ধসে মারা গেছেন ৯৮ জন। চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলায় এক শিশুসহ নিহত হয়েছে ২৮ জন ও বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড়ধসে তিন শিশুসহ ছয়জন নিহত হয়ছে। নিখোঁজ রয়েছে দুজন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। রাঙামাটিতে নিহতদের মধ্য মানিকছড়ি আর্মি ক্যাম্পের দুই সেনা কর্মকর্তাসহ চার সেনা সদস্যও রয়েছেন।উদ্ধারকাজ চালানোর সময় পাহাড়ধসের কবলে পড়েন তাঁরা। শুধু চট্টগ্রাম রাঙ্গুনিয়াতেই মারা গেছে ২১ জন। নিখোঁজ রয়েছে সাতজন।

এ ছাড়া পাহাড়ধসে ১০ সেনা সদস্যসহ আহত হয়েছে শতাধিক। আরেক সেনা সদস্যসহ বেশ কয়েকজনের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।
সোমবার রাত ও গতকাল ভোরে পাহাড়ধসের এসব ঘটনা ঘটে। পরে বৃষ্টির মধ্যেই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বৃষ্টির কারণে দুর্গম এলাকায় তাত্ক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা যায়নি। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছে, অনেক জায়গায় ধসের মাটি সরানো যায়নি।
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বেলা ১১টা পর্যন্ত ছয় ঘণ্টায় শহরের ভেদভেদি, রাঙ্গাপানি, যুব উন্নয়ন, টিভি স্টেশন, রেডিও স্টেশন, রিজার্ভ বাজার, মোনঘর, শিমুলতলি ও তবলছড়ি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। আজ সকাল নয়টার দিকে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিসের দুটো গাড়িকে যেতে দেখা গেছে।
পাহাড়ধসে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। খবর পেয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল বিকেলেই ঘটনাস্থলে পৌঁছেন। তিনি উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন এবং হতাহত সেনা সদস্য ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার রাঙামাটির দুর্গত এলাকা পরিদর্শন করবেন।