কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ওই কারখানায় রাতভর অভিযান চালিয়ে ২০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, শনিবার (২১ জুলাই) রাতে মহেশখালী এ অভিযান চালায় র্যাব। সেখানে অবৈধ অস্ত্র তৈরির একটি বড় কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতরা হলেন, অস্ত্র তৈরীর কারিগর মোহাম্মদ শহীদুল্লাহ (৩১) ও আব্দুল হাকিম। (৩৮)।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, শনিবার রাতে মহেশখালীর কালারমার ছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালানো হয়। অভিযানে ২০টির মত আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান এএসপি মিনতানূর।