বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের পিতা ও সাবেক ফুটবলার শামসুল আলম মোল্লা (৭০) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তাঁর অচেতন লাশ উদ্ধার করেছে।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোসল করতে গিয়ে ওই পুকুরের পানিতে ডুবে যান। সাগরপাড়া মহল্লাতেই শামসুল আলম মোল্লার বাসভবন। সামসুল আলমের ডুবে যাওয়া দেখে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর ২টার দিকে পাইলটের বাবার লাশ উদ্ধার করেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে সামসুল আলম মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে পাইলটের বাবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ক্রিকেটার পাইলটের বাবা সামসুল আলম মোল্লা একজন কৃতি ফুটবলার ছিলেন। তিনি আশির দশকে স্থানীয় লীগের নিয়মিত খেলতেন।পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় গিয়েও খেলেছেন তিনি। স্বাধীনতার পর বয়সের কারণে বাংলাদেশ জাতীয় দলে না খেললেও মোহামেডান বা আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন শামসুল ইসলাম।