Tuesday, August 25

পুলিশের মাইক্রোবাসে ট্রাকে ধাক্কা, কনস্টেবল নিহত

0

কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দিলে নূর হোসেন (৪২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এক এএসআইসহ আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাইক্রোবাসে টহল ডিউটি পালন করছিল সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পেছন দিক থেকে পুলিশের ব্যবহৃত ওই মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কনস্টেবল নূর হোসেন নিহত হন। এ সময় সদর দক্ষিণ মডেল থানার এএসআই মহসিন (৩৮), কনস্টেবল ইসমাইল হোসেন (৩৩) ও মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, কনস্টেবল নূর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.