Thursday, September 10

প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে খালেদা জিয়ার আবেদন, শুনানি কাল

0

তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। আজ রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

তিনি জানান, খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্টের একক বেঞ্চ।
মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একক বেঞ্চের এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হবে বলে জানিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। ওই দিন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদন খারিজ হওয়ায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে যান।
এর আগে গত ১২ ডিসেম্বর খালেদা জিয়ার রিটের বিভক্ত আদেশটি সমাধানের জন্য বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এই আদালতে শুনানি করতে তিন দফা অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত বৃহস্পতিবার প্রথম দফায় ও গতকাল সোমবার দুই দফা তারা অনাস্থা প্রকাশ করেন। আদালত প্রধান বিচারপতি বরাবর লিখিত অনাস্থা দিতে বলেন।

আজ খালেদা জিয়ার আইনজীবীরা লিখিত অনাস্থা দেন। আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও মীর হেলাল।
আদালত তাদের এ অনাস্থা আবেদন খারিজের আদেশ দেন এবং প্রার্থিতা চেয়ে খালেদা জিয়ার রিটের ওপর শুনানি করতে বলেন।

এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, আমরা এ কোর্টের ওপর অনাস্থা জানিয়েছি। আপনি আমাদের আবেদন খারিজ করে দিয়েছেন। এখন আমরা এই আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাব। তা সত্ত্বেও রিটের শুনানি করতে বলছেন কেন?
এর পর আদালত খালেদা জিয়ার রিট আবেদনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শুনানি করতে বলেন। মাহবুবে আলম শুনানি শুরু করতে থাকলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বর্জন করে বেরিয়ে আসেন।

শুনানি নিয়ে আদালত খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.