Wednesday, August 26

প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন ব্যারিস্টার সুমন

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি পরিচয় দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা ও বানোয়াট নালিশ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার অভিযোগ প্রিয়া সাহা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। একই সঙ্গে প্রিয়া সাহার এই বক্তব্যকে তিনি বাংলাদেশের জন্য একটি চক্রান্ত বলে মনে করছেন।

গতকাল শুক্রবার (১৯ জুলাই) ফেসবুক লাইভে সৈয়দ সায়েদুল হক সুমন এ ঘোষণা দেন। তিনি জানান, রোববার আদালত খোলা হলে তিনি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‌আজ আমি বাড়ি সিলেটে অবস্থান করছি। একটু আগে ফেসবুকে যে জিনিসটি ভাইরাল হয়েছে প্রিয়া সাহার। তিনি আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘুদের গুম করা হয়েছে। আরও অনেকে নাকি গুম হওয়ার পথে। এটি সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার শামিল। খোদ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদশে। সেখানে ওই নারী মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করেছেন। তাই আমি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করব।

তিনি আরও বলেন, যেখানে বাংলাদেশে আমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকছি সেখানে বাংলাদেশের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা কারো ব্যাপারে আমরা বসে থাকতে পারি না। তার ব্যাপারে মামলা করা এখন জরুরি হয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ থাকে। আমি আমার বাড়ি হারিয়েছি। মুসলমান উগ্রপন্থীরা জমি ছিনিয়ে নিয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন।

তার এই অভিযোগ করা ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের মানুষ ও বাংলাদেশ সরকারকে হেয় করে তার এই অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইতে থাকে। অনেকেই বলছেন, ওই নারী এমন বক্তব্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। অনেকেই বলছেন, এমন মিথ্যা কথা তিনি কীভাবে বললেন। সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, এটা দেখি ঘষেটি বেগম। অপর একজন লিখেছেন, এটা কাদের চাল হতে পারে বুঝলাম না। আবার অনেকেই বলছেন, ট্রাম্পের করুণা নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতেই তিনি বাংলাদেশ বিষয়ে এমন বক্তব্য দিয়েছেন।

ট্রাম্পের কাছে নালিশে প্রিয়া সাহা যা বললেন:
ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করেন। ভিডিওতে তিনি বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ গুম হয়ে গেছে। দয়া করে, আমাদের বাংলাদেশিদের সাহায্য করেন! আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষজন আছে। আমার অনুরোধ, প্লিজ আমাদের সাহায্য করেন, আমরা আমাদের দেশ ছেড়ে যেতে চাই না। আমাদের শুধু ওখানে যেন থাকতে পারি সে সাহায্য করেন! আমি আমার বাড়ি হারিয়েছি, তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয়নি।’

ট্রাম্প তখন প্রিয়া সাহার কাছে জানতে চান, কারা জমি নিয়ে গেছে? কারা বাড়ি ও জমি দখল করেছে?

সাহা একটু ভেবে বলেন, মুসলমান উগ্রপন্থীরা। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। সবসময়। ট্রাম্প মনোযোগ দিয়ে সাহার কথা শুনলেও আর কোনো জবাব দেননি। অন্য এক নারীর অভিযোগ শুনতে শুরু করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.