ফখরুলসহ বিএনপির ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

0

রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রুজুর ব্যাপারে আর্জি জানিয়েছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি গ্রহণের আবেদন জানান তিনি।

মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সোশ্যাল গণমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায় কুমিল্লায় অবস্থানরত ব্যারিস্টার নওমী নামের দলটির এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমীকে তিনি বলছেন ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পরে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মাঝে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগেরও অভিযোগ আনা হয়। পাশাপাশি জিগাতলায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায়ও তাদের দায়ী করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে আসামিরা সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্র লিপ্ত হয়ে এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। যার ফলে আসামীরা ১৫৩, ১৫৩ (ক) ও ১০৯ ধারায় অপরাধ করেছেন। তবে আদালত মামলাটি গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.