Sunday, August 2

ফল পেতে ভোগান্তি ওয়েবসাইটও মোবাইলে

0

ওয়েবসাইট ও মোবাইল ফোনে প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। গতকাল শনিবার ফল প্রকাশের পর ওয়েবসাইটে ঢুকতে পারেনি অনেক অভিভাবক-শিক্ষার্থী। আবার কেউ কেউ ওয়েবসাইটে ঢুকতে পারলেও ফল দেখতে পারেনি। বারবার ওয়েবসাইটে রিলোড দেখাচ্ছিল বলে জানান ফল প্রত্যাশীরা।

অন্যদিকে একাধিকার এসএমএস করেও ফল পাননি। প্রতি এসএমএসে টাকা কেটে নেওয়া হলেও ফল জানিয়ে দিতে পারেনি মোবাইল অপারেটররা।

অভিভাবকরা জানান, স্কুলগুলোতে ফল প্রকাশের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নোটিশ বোর্ডে টানানো হয়নি ফলাফল। অপরদিকে অভিভাবকরা বারবার নির্দেশিত ওয়েবসাইটে ঢুকেও কোনো দিশা পাচ্ছিলেন না। কেউ কেউ ওয়েবসাইটেই ঢুকতে পারছিলেন না।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে দুপুর ২টায় ফলাফল প্রকাশের কথা থাকলেও পৌনে ৩টায় নোটিশ বোর্ডে ও দেয়ালে তা সাঁটানো হয়। মোবাইল ও ওয়েবসাইটে বারবার চেষ্টা করেও যারা ফল পাচ্ছিলো না, তারা হুমড়ি খেয়ে পড়ে বোর্ড ও দেয়ালে। কিন্তু দুপুর ১টা থেকে ৩টা পযর্ন্ত বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে ঢুকতে পারেনি মনিপুর স্কুল কর্তৃপক্ষ।

একটা সময় জেএসসির ফল ওয়েবসাইটে পাওয়া যেতে থাকলেও পিইসির কোনো ওয়েবসাইটেই ঢোকা যায়নি। পরে শিক্ষা অফিসারের (টিও) কার্যালয় থেকে ফলাফলের হার্ডকপি এনে নোটিশ বোর্ড ও দেয়ালে টানিয়ে দেওয়া হয়। এরকম রাজধানীর বিভিন্ন স্কুলে ফল পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। এজন্য দুর্বল নেটওয়ার্ক ও ওয়েবসাইটকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.