ফিলিপাইনে আঘাত হানা টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বড়দিনের আগে বুধবার দেশটির মধ্যাঞ্চলে প্রত্যন্ত গ্রাম ও বিখ্যাত পর্যটন এলাকার ওপর আছড়ে পড়া ফানফোন নামের ওই টাইফুনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
এরআগে বৃহস্পতিবার টাইফুনে ১৬ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে ক্ষতিগ্রস্থ এলাকায় বিস্তারিত খবর পাওয়ার পর নতুন সংখ্যা জানানো হয়।
টাইফুনের আঘাত হানার পরই ক্ষতিগ্রস্থ এসব এলাকার ইন্টারনেট ও মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়।
জাতীয় দুর্যোগ এজেন্সির মুখপাত্র মার্ক টিম্বাল বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমরা আশা করছি এ সংখ্যা অরিবর্তিত থাকবে। তিনি বলেন, অন্তত ১২ ব্যক্তি এখনো নিখোঁজের তালিকায় রয়েছে। নিখোঁজদের মধ্যে এক পরিবারের বেশ কজন সদস্য ডুবে গেছে।
ফানফোনের স্থানীয় নাম ‘উরসালা’। ২০১৯ সালে ফিলিপাইনে এটি ২১তম দুর্যোগ। ফানফোন, সুপার টাইফুন হায়ান অপেক্ষা বেশ দুর্বল। ২০১৩ সালে টাইফুন হায়ানে ৭ হাজার ৩০০ জনের প্রাণহানি হয়।