অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
তবে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না।
গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই ১ হাজার ৮৩ জন নিহত এবং ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।