চেহারায় পরিশ্রমের ছাপ। দেড়শ’ বা দুইশ’ টাকার কাপড় জড়ানো গায়ে। গ্ল্যামার তো দুরের কথা, ‘দিন আন দিন খাওয়া’ সংসারের মেয়ের মতোই দেখা যাচ্ছে তাকে। শহরের ফুটপাতে খাবার বিক্রি করছেন তিনি। রাজা-রানীর হোটলের পাশেই ফুটপাতে দুটি পাতিলে ভাত-তরকারি নিয়ে তার ভ্রাম্যমান ব্যবসা। নিম্ন আয়ের মানুষেরাই তার ক্রেতা।
নাটকের দৃশ্য এটি। টিভি দর্শকরা সাধারণত মেহজাবিনকে ধনী কিংবা মধ্য পরিবারের মেয়ের চরিত্রেই দেখে আসছেন। এবার এ তারকা হাজির হচ্ছেন একেবারে গ্লামারহীন এক চরিত্রে। রাজধানীর তেজকুনি পাড়ায় রেল বাজারে এভাবেই তাকে দেখা যায়। ‘রাজা রানীর গল্প’ শিরোনামের একটি নাটকে এই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব।
নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় আছেন রাফাত মজুমদার রিংকু।
নাটকটি নিয়ে মেহজাবীন জানান, এমনভাবে তাকে কেউ-ই কোনও নাটকে দেখেনি। একেবারে ভিন্ন চরিত্র। আর পরিবেশটাও ছিল আলাদা। ক্যামেরা-লাইট না দেখলে কারও সাধ্য ছিল না সাধারণ দোকানি থেকে তাকে আলাদা করার।
‘রাজা রানীর গল্প’-এ আরও অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, শহিদুল্লাহ সবুজ, তিশা, প্রাণ সারোয়ার প্রমুখ।
শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।