Tuesday, September 15

ফেসবুকে ‘গুজব ছড়ানোর’ অভিযোগে আটক ফারিয়া, রিমান্ডে চায় পুলিশ

0

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার ফারিয়া মাহজাবিনকে (২৮) রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। ধানমণ্ডি এলাকার একটি কফিশপের মালিক।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ফারিয়া মাহজাবিন লেখাপড়া করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। ফারিয়া ধানমণ্ডি এলাকার একটি কফিশপের মালিক।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগে গতকাল রাতে ফারিয়া মাহজাবিনকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্যও জানা যায়নি।

র‌্যাব জানায়, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনে ফারিয়া উদ্দেশ্যমূলকভাবে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ পোস্ট দিতেন।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিতেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ধানমণ্ডির ওই বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে গ্রেফতার করে। গ্রেফতার ফারিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, এক পাতা করে ফেসবুক আইডি প্রোফাইলের প্রিন্ট কপি এবং অডিও ক্লিপের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

রবিউল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ফেসবুক আইডি মেসেঞ্জার থেকে বিভিন্ন রকম স্ট্যাটাস ও উসকানিমূলক মিথ্যা তথ্যসংবলিত অডিও ক্লিপ রেকর্ড করে পোস্ট করতেন।

তবে ফারিয়া কী ধরনের পোস্ট দিয়েছেন, নির্দিষ্ট করে জানাতে পারেননি র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, আজ শুক্রবার সকালে ফারিয়া মাহজাবিনকে আমরা হাজারীবাগ থানায় সোপর্দ করেছি। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়কের দাবিতে’ আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা হয়েছে। এ সব মামলায় জ্ঞাত ও অজ্ঞাত অনেক আসামি করা হয়েছে। আটক অনেককে এ সব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.