বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি বিল থেকে বিপুল পরিমাণ কুচি কুচি করা টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ১০ বস্তা কেটে ফেলা টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই টাকাগুলো বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের পার্চিং করা (কেটে ফেলা) বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে কাভার্ডভ্যান থেকে পরিত্যক্ত টাকার বস্তাগুলো জেলার শাজহানপুর উপজেলার খাড়ুয়া ব্রিজের কাছে ফেলা দেয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তাগুলো খুলে টাকার টুকরো দেখতে পান এবং পুলিশে খবর দেন।
পুলিশ কয়েক ঘণ্টার অভিযানে বিলের পানির নিচ এবং তীর থেকে ওই টাকাগুলো উদ্ধার করে। সব টাকাই কুচি কুচি করে কাটা ছিল। একটি নোটও সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত হতে পারে।