Wednesday, September 16

বগুড়ায় পুলিশের গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

0

বগুড়া শহরের ভাটকান্দি ব্রিজ এলাকায় সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম পুতু সরকার।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ চলছে এমন সংবাদের ভিত্তিতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তারিকুলসহ বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পাওয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী পুতু সরকারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, আটটি গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা পুতু সরকার। তাঁর নামে বগুড়া সদর ও জেলার শিবগঞ্জ থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.