বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার (৩৩) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, বার্মিজ চাকু, চাপাতি, কিছু পাউরুটি ও কলার অংশ জব্দ করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার পিরবের তাঁতিপুকুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খোরশেদ জামালপুরের সরিষাবাড়ীর বোনারপাড়ার আবদুল খালেকের ছেলে।
বগুড়া জেলার এসপি আলী আশরাফ জানান, দিবাগত রাতে ওই এলাকায় টহল পুলিশের ওপর একদল দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান ও কনস্টেবল সাব্বির আহত হন। তাদের উদ্ধার করে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।