মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের নেতৃত্বে ১০ সদস্যর প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে আগত প্রতিনিধিদলকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার বেলা সাড়ে ১২টার সময় প্রতিনিধি দলটি বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যশোরের পথে রওনা দেন।
প্রতিনিধি দলে রয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক ও দুতালয় প্রধান বিএম জামাল হোসেন, ফাস্ট সেক্রেটারি কাউন্সিলর শিক্ষা ও ক্রীড়া শেখ শাফিউল ইমাম, কনস্যুলার বশির উদ্দিন, প্রথম সচিব প্রেস ড. মো. মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব বাণিজ্য শামসুল আরিফ, প্রথম সচিব রাজনৈতিক শামিমা ইয়াসমিন স্মৃতি, দ্বিতীয় সচিব কনস্যুলার শেখ শাফিনুল হক।
প্রতিনিধি দলের প্রধান উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে বর্ষের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ আসছি। রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করা হবে। এর পর খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে বিকেলে আবার বেনাপোল দিয়ে কলকাতায় ফিরে যাব।