Friday, September 11

বদি-রানা বাদ, নৌকা পাচ্ছেন বদির স্ত্রী: কাদের

0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানা বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, বিতর্ক এড়াতে কক্সবাজারের সংসদ সদস্য বদিকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না। ওই আসনে বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

তিনি বলেন, টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, আবদুর রহমান বদির বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রমাণিত নয়। তবু আমরা তাকে এবার বাদ দিয়েছি।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন প্রায়ই চূড়ান্ত। জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২৫ নভেম্বর জোটগতভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন কে কোন আসনে নৌকার প্রার্থী হবেন।

আগে থেকেই শোনা যাচ্ছিল, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে ইয়াবাসহ বিভিন্ন বিষয়ে তুমুল বিতর্ক থাকায় বদির পরিবর্তে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন পেত পারেন।
শাহীনা আক্তার চৌধুরী উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বাবা নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠাণ্ডা মিয়া চৌধুরী ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। বড় ভাই অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী জেলা পরিষদের নির্বাচিত সদস্য। ছোটভাই জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাচা হামিদুল হক চৌধুরী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। চাচী নিগার সুলতানা উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.