কুড়িগ্রাম প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট মেরামত ও ধরলা নদীর ভাঙ্গণ রোধে বাঁধ নির্মানের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার সারডোব এলাকায় ধরলা নদীর পূর্বপারে কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন হলোখানা ইউপি সদস্য বাকীনুর, মোক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, আবুল কালাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা এনামুল হক, জুয়েল রানা, মমিনুর রহমান, বিএনপি নেতা একরামুল হক প্রমূখ।
বক্তারা বলেন, গত বন্যায় হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। সেই সাথে কুড়িগ্রাম ফুলবাড়ী সড়ক সহ ঐ এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভাট সম্পূর্ণ রুপে ক্ষতিগ্রস্থ হয় এবং ধরলা নদীর তীররক্ষা বাঁধ বিলীন হয়ে যায়। এরপর থেকে এসব এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট কিংবা বাঁধ নির্মাণে এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেয়ায় ঐ এলাকার মানুষজন চরম অনিশ্চয়তার মাঝে দিন পার করছেন। তারা আগামী বন্যার আগেই ঐ এলাকার বাঁধ সহ রাস্তা ঘাট নির্মানের দাবী জানান।
সরেজমিনে প্রত্যক্ষ করা গেছে ভাঙ্গণে ধরলা নদীর তীররক্ষা বাঁধের এক কিলোমিটার অংশ, কুড়িগ্রাম ফুলবাড়ী সড়কের পাঁচ কিলোমিটার অংশ সহ ঐ এলাকাগুলোর গ্রামীন রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আরডিআরএস বাজার সহ সারডোব প্রাথমিক বিদ্যালয় সম্পুর্ন রুপে ও এমদাদিয়া আলিয়া মাদ্রাসার আংশিক নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ছাট কালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর সারডোব প্রাথমিক বিদ্যালয়, চর কাগজি পাড়া প্রাথমিক বিদ্যালয়, চর সারডোব আদর্শ উচ্চ বিদ্যালয় ও একটি নিন্ম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি বাজার ।