তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পুনর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানির তোড়ে দিনাজপুর-পার্বতীপুর রেল-রুটের বিভিন্ন পয়েন্ট ডুবে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর রুটে কোনো ট্রেন চলাচল করতে দেখা যায়নি। ফলে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান জেলা রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা।
তিনি আরো জানান, দিনাজপুর-মাহুতপাড়া তুত বাগানের কাছে শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। প্রথমে বিজিবি এবং পরে রংপুর ৬৬ ডিভিশন পদাতিক সেনাবাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী টিম বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ইতিমধ্যে ডুবে গেছে শহরের বেশকিছু এলাকা।
এদিকে দ্রুতগতিতে বিভিন্ন এলাকায় বন্যার পানি প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী।
অনেকে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। এ ছাড়াও তিন ফুট পানির নিচে রয়েছে বড়পুকুরিয়া কয়লাখনি সড়ক। হিলি স্থলবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।