বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খলিল রহমানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাত ১টার দিকে বরগুনা সদর উপজেলার এম.বালিয়াতলী ইউনিয়নের তালিকাতলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. খলিল রহমান ওই এলাকার সোনা মোল্লার ছেলে।
সদর থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানান, খলিল রহমান রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তার অনুসন্ধান চলছে বলে জানান ওসি। তবে দলীয় কোন্দলে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।
নিহতের স্ত্রী লিলি বেগম জানিয়েছেন, রাত একটার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত সিঁধ কেটে ঘরে ঢুকে তার স্বামী খলিল মোল্লাকে হাত-পা বেঁধে তোষকে চাপা দিয়ে ২ লাখ টাকা দাবী করে। এসময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তিতে তার স্বামী মারা যান।
ওসি এসএম মাসুদ উজ্জামান আরো জানান, খলিল মোল্লার ২ স্ত্রী। পারিবারিক বিরোধের কারণেও হত্যার ঘটনাটি ঘটতে পারে। লিলি বেগমের কথায় কিছুটা গড়মিল পাওয়া যাচ্ছে। তারা আশাবাদী কম সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করতে পারবেন।