মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। ব্রেক্সিটের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য চুক্তিকে এগিয়ে নিতে তিনি এই আহবান জানান। খবর রয়টার্সের।
গত সপ্তাহে ব্রিটিশ নির্বাচন নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছিলেন, জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে তা ব্রিটেনের জন্য খারাপ হবে। এরপর করবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিটিশ রাজনীতি নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানান।
তবে আবারও রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প রাজনীতি নিয়ে মন্তব্য করলেন। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘বরিস ও ফারাজ দুই জনই তার বন্ধু। তবে বরিস দেশের জন্য ভালো হবেন। তাদের একসঙ্গে কাজ করা উচিত। আর সেটা সম্ভব বলে আমি মনে করি।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বের এক নম্বর অর্থনীতি। ব্রিটেন একটি নির্দিষ্ট পথে এগিয়ে গেলে তাদের সঙ্গে ব্যবসা করা অসম্ভব হবে। আর এটা ব্রিটেনের জন্য খুবই খারাপ হবে। কারণ আমরা ইইউর চেয়ে ভালো কিছু দিতে পারি।’ এরই মধ্যে প্রধানমন্ত্রী বরিস ফারাজের নির্বাচনী ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।