আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করে সোমবার হাউস অব কমন্সে প্রস্তাব রাখেন বরিস। খবর বিবিসির।
তার এ প্রস্তাবের পক্ষে ২৯৯ ভোট ও বিপক্ষে ৭০ ভোট পড়ে। কিন্তু ফিক্সড-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট অনুযায়ী এ প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।
এ হিসাবে প্রস্তাবের পক্ষে অন্তত ৪৩৪ ভোট প্রয়োজন ছিল, কিন্তু রক্ষণশীল দলের সব সদস্য ও লিবারেল ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে একজন বাদে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও তা যথেষ্ট হয়নি। লিব ডেমের ওই সদস্য বিপক্ষে ভোট দেন।
লেবার দলের অধিকাংশ সদস্যই ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এসএনপি ও ডিইউপি দলের সদস্যরাও ভোটে অংশ নেননি।
ভোটের পর জনসন জানিয়েছেন, এমন একটি আইনি পথে তিনি আবার চেষ্টা করবেন, যেখানে শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে, আগের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে না।
কিন্তু এটি করতেও লিব ডেম ও এসএনপির সমর্থন জনসনকে পেতে হবে। ১২ ডিসেম্বরের আগাম নির্বাচনের জন্য হাউস অব কমন্সের সমর্থন পেতে জনসন মঙ্গলবার ফের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।