ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়ার সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে লা লিগার দল রায়ো ভায়েকানো।
ইউরোপের শীর্ষ লিগগুলোর অন্যতম স্পেনের লা লিগায় খেলার আশা পূরণ হয়েছে জিদান মিয়ার।
প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগায় খেলতে যাচ্ছেন এ ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। ইনস্টাগ্রামে জিদানের সঙ্গে চুক্তির বিষয় উল্লেখ করে সংস্থাটি।
২০০১ সালের ৭ই মার্চ লন্ডনে এক বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া।
জিদানের ফুটবলের হাতেখড়ি হয় ডেভিড বেকহ্যামের একাডেমিতে। সেখানে ২ বছর প্রশিক্ষণ নেয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুবদলে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডে।
পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দেওয়ার আগে জিদান খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলি এফসিতে।
জিদানের সবচেয়ে পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ কয়েকটি ইন্টারভিউতে জিদান জানিয়েছিলেন, লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি।
জিদানের প্রিয় বাংলা খাবার আম, ঘুরতে পছন্দ করেন মধ্যপ্রাচ্যের দিকে। যেকোনো ইউরোপিয়ান ক্লাবের হয়ে খেলার সুযোগ পেলে খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যেকোনো কোচের অধীনে খেলতে পারলে বেছে নিতেন পেপ গার্দিওলাকে।