Tuesday, September 15

বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৃষ্টি আইনে ১৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল। সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা অভিনন্দন বার্তায় এছাড়া বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনেও তার জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন ,বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।এই জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। লডারহিল সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে উইন্ডিজদের ১৮৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগারবাহিনী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১৩৫ রান করতে সক্ষম হয় কার্লোস ব্র্যাথওয়েট নেতৃত্বাধীন দলটি। এসময় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর দায়িত্বরত আম্পায়ররা বাংলাদেশকে জয়ী ঘোষণা করে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। আগের সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।
এর আগে চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হারতে হয়। তবে ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় সাকিব-তামিমরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.