Tuesday, September 29

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা

0

ত্রিদেশীয় সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। চমক হিসেবে দলটির সহ অধিনায়ক করা হয়েছে পেসার সুরাঙ্গা লাকমলকে। তবে বরাবরের মতো টেস্টে দলকে নেতৃত্ব দিবেন দীনেশ চান্দিমাল।

এদিকে ভারত সিরিজের দলে না থাকলেও বাংলাদেশ সিরিজে দলে ফিরেছেন কুশাল মেন্ডিস। পাশাপাশি টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হবে ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। ৮ ফেব্রুয়ারি শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আগে ১৫ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি সিরিজের অপর দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। কিছুদিন আগে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। সেই দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুষ্কা গুণথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশন ডিকওয়েলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গ্যামেজ, লাহিরু কুমারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.