জনপ্রিয় বাংলা লোকগানের শিল্পী এবং বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের ক্যারিয়ারে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। আজ এই গানের কোকিলার জন্মদিন। ১৯৭৪ সালের আজকের এই দিনে পৃথিবীতে এসেছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা তার প্রতি।
মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের দুই ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোক গানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন।
মমতাজ সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহন করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষশত বাংলা নববর্ষের বৈশাখি মেলায় তার গান জনপ্রিয়।
২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।
মমতাজ বেগমের প্রথম স্বামী আবদুর রশীদ সরকার যিনি মৃত্যুবরণ করেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মইনউদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদী খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনি।