বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি নতুন সংকটের মধ্যে পড়েছে। সেটি হলো প্রায় ১০ লাখ বিদেশি নাগরিক এখন আমাদের দেশে অবস্থান করছে।
যাদেরকে আমরা রোহিঙ্গা বলি। এটার একটা মানবিক দিক আছে, আরেকটি আন্তর্জাতিক দিক রয়েছে। এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদেরকে তাদের দেশে ফেরত নিতে হবে। ‘
আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত নেই: মওদুদ আহমদ
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রবীণ এই নেতা বলেন, ‘এই যে ১০ লাখ মানুষ, তাদের মাধ্যমে দেশে যে নৈরাজ্য, অরাজকতা আসবে এভং তাদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপন্ন হবে এতে কোনো সন্দেহ নেই। ‘
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সম্পর্কে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে সুপ্রিম কোর্টে কাজ করছি। আমি কোনোদিন শুনিনি যে, সাপ্তাহিক জামিন হয়। এর থেকে অপমানজনক আর কী হতে পারে! খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী।
এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। ‘
আরও পড়ুনঃ ‘শেখ হাসিনার সামনে দুটি পথ আছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।