বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেদখল হওয়া প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের জমির দখল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট জমির পরিমাণ ১৩ কাটা ৮ ছটাক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সরাসরি তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাজিস্ট্রেট মো. জিয়া উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯৮৭ সালের ১২ই জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬,৮,ও ১০ প্লটের এ জমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দাপ্তরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ৯৯ বছরের জন্য লিজ প্রদান করে। পরবর্তীতে ১৯৮৯ সালের ২৬ই জুন লিজ দলিল সম্পাদন হলেও বিভিন্ন সময়ে কতিপয় ভূমিদস্যু জায়গাটি বেআইনি ভাবে দখল করে রাখে।
বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে আসলে তিনি বেদখলকৃত জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সকল দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে অভিযান পরিচালনার মাধ্যমে আজ বেদখলকৃত জায়গার দখল উদ্ধারের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার মূল্যবান সম্পত্তি পুনরুদ্ধার করলো।