ইংল্যান্ডের মাটিতে চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হবে এমনটাই মনে করছেন সংসদ সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জন করায় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
আজ সোমবার সকালে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের তিন কন্যা ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ব্রিটেনের মাটিতে ক্রিকেট দলের অভাবনীয় বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়।
আলোচনার সূত্রপাত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রিটেনের মাটিতে আমাদের তিন কন্যা বিজয়ী হয়েছেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ব্রিটেনের মাটিতেই বাংলাদেশের ক্রিকেটাররা অবিশ্বাস্য বিজয় অর্জন করেছে। এটা আমাদের গৌরাবান্বিত করেছে। এই দুটো বিজয় প্রমাণ করে দিয়েছে বাঙালি যা চায় তা করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের ক্রিকেটাররা সারা বিশ্ব জয় করছে।
আগামী ১৫ জুন বাংলাদেশ ক্রিকেট টিম সেমিফাইনালে বিজয়ী হয়ে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে গিয়ে আমাদের জন্য ট্রফি ছিনিয়ে আনবে। অপরদিকে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলের সদস্য আব্দুল মান্নান বলেন, বাঙালি লড়াই করে বিজয় অর্জন করে। আমাদের ক্রিকেটাররাও লড়াই করেই বিজয় অর্জন করবে।