ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে সাংবাদিক ফিফা সভাপতি বলেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।
উচ্ছ্বসিত ফিফা সভাপতি বলেন, দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়।
এর আগে মঙ্গোলিয়া থেকে রাত সোয়া একটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফিফা সভাপতির। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে একদিনের সফরে ঢাকায় পা রেখেছেন ইনফান্তিনো। সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এটিই প্রথম সফর তার।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
সেখানে কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলবেন ইনফান্তিনো। তার সামনে দেশের ফুটবলের উন্নয়নের নানা দিক তুলে ধরবেন বাফুফে বস। অধিকতর উন্নতিতে আরও কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে।
এ ছাড়া নারী ও বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজখবর নেবেন ইনফান্তিনো। সংক্ষিপ্ত এ সফর শেষে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়ার কথা তার।
কোনো ফিফা সভাপতির এটি বাংলাদেশে চতুর্থবার আগমন। এর আগে ১৯৮০-৮১ সালের দিকে প্রথম সফরে আসেন হোয়াও হ্যাভেলেঞ্জ। ২০০৬ সালে আসেন সেপ ব্লাটার। ২০১২ সালে দ্বিতীয়বার ঢাকায় পা রাখেন তিনি।