বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত চাঁদাবাজির এক মামলায় তাকে বুধবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর মোজাম্মেলকে থানায় আনা হয়েছে। মিরপুর মডেল থানায় দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানান এসআই রোকন।
পুলিশ জানিয়েছে , চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য তাকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করা হবে।