বাগেরহাটে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার

0

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ঘষিয়াখালী নৌ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নদীতে নৌকা ডুবে মহিদুল শেখ নামের এক জেলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেলের পশ্চিম পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে তার মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.