বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানাকে (৩৫) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।। হতাহতরা সবাই বাসের যাত্রী। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায়।
এ ব্যাপারে ফকিরহাট থানার এসআই সঞ্জয় দে জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় বনফুল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ১৮ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার বলে জানা গেলেও তার নাম জানা যায়নি
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অভিজিৎ পাল জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দুজন মারা গেছেন। তাদের একজন বাসের সুপারভাইজার।