Tuesday, September 1

বাঘাইছড়ির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: সিইসি

0

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ব্রাশ ফায়ারে ৭জন নিহত হওয়ার বিষয়টি দু:খজনক। এই ঘটনা তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার(১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সিএমএইচয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আহত ১০ জনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে কমিশন।

হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্ব পরিকল্পিত উল্লেখ্য করে সিইসি বলেন, কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটি খুবই দু:খজনক যে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের উপর রাতের অন্ধকারে হামলা করা হল। এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে। ঘটনা তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন দেয়া হয়েছে।
নিরাপত্তায় গাফিলতি ছিল না জানিয়ে সিইসি বলেন, দুষ্কৃতকারীরা সুযোগ বুঝে এ হামলা ঘটিয়েছে। পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় ব্রাশফায়ারে হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে বিচ্ছিন্নতাবাদীদের ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ১৭ জন। এদের মধ্যে সাতজনকে ঢাকা সিএমএইচয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.