বান্দরবান: বান্দরবানেও ডেঙ্গুর জ্বরে আক্রান্ত দুই রোগী পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। রোগীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র বিজয়ন তঞ্চঙ্গ্যা ও নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রেমিউচিং মারমা।
বান্দরবান সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ঢাকায় থাকার সময় কয়েক দিন আগে মেডিকেল পরীক্ষায় ডেঙ্গুর ধরা পড়ে তাঁদের। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ সকালে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন তাঁরা।
এদিকে জনসচেতনতা গড়ে তুলতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করেছে পৌরসভার কর্মকর্ততা-কর্মচারীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বিভিন্ন নালা-নর্দমায় মশা মারা স্প্রে করে পৌর কর্তপক্ষ।