বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শহর এলাকা থেকে অধীর সেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের ৫নং ওয়ার্ডের উজানি পাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায় এবং আগে শহরের বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লােকজন এসে তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের কোনাে সময় তিনি মারা গেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানাে হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।