বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় গত সোমবার তিন জীপ গাড়ির চালককে অপহরণ ও পাহাড়ে খুন, সন্ত্রাস, চাদাঁবাজি বন্ধে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙালী ছাত্র পরিষদ ও সচেতন নাগরিক সমাজ।
আজ বুধবার (২১ আগস্ট) সকালে জেলা শহরের বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। মিছিলে দুই সংগঠনের শত শত নেতাকর্মী অংশ গ্রহন করেন।
পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন,সচেতন নাগরিক সমাজের নেতা কাজি মুজিবর রহমান, মুক্তিযােদ্ধা আব্দুল ওহাব, সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল আইয়ুব, বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মিজানুর রহমানসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, বান্দরবান বাসীর নিরাপত্তা, রুমায় অপহরণ, রাঙ্গামাটির রাজস্থলীতে সেনা সদস্য হত্যা ঘটনায় পাহাড়ী সন্ত্রাসীদের শাস্তির দাবি, বৈষম্যহীন প্রশাসন গঠন, পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপন করার দাবিসহ অপহৃতদের তিন দিনের মধ্য ছেড়ে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
প্রসঙ্গত, গত সোমবার (১৯ আগস্ট) বিকালে জেলার রুমার মুননুয়াম পাড়া থেকে তিন ড্রাইভার নয়ন দাশ মো: মিজান ও বাসু কর্মকারকে অপহরণ করা হয়। পরে মঙ্গলবার রাতে নয়ন দাশ,মো: মিজানকে অপহরণকারীরা ছেড়ে দেয়।