কিকিউ মারমা,বান্দরবান: বান্দরবানের খাজনা আদায়ের রাজকীয় উৎসব রাজপুণ্যায় এ বছর মেলা হচ্ছে না। সামনে উপজেলা নির্বাচন থাকায় আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার।
তিনি আরো জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপত্তার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়। আমরা এলাকার আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে মেলার আয়োজন না করার জন্য সুপারিশ করেছি।
এদিকে, এদিকে মেলার অনুমতি না পাওয়ায় এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা তাদের মালামাল নিয়ে নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।
মেলার মাঠ লীজ নেয়া মো: আলী জানান, মেলা না হওয়ায় আমরা দোকানিদের টাকা ফেরত দিচ্ছি।
তবে মেলা না হলেও প্রতিবারের মত এবারও রাজবাড়ির মাঠে খাজনা আদায়ের উৎসব হবে। ১০৯টি মৌজার হেডম্যান কারবারিরা ওই দিন বেলা ১২ টায় রাজদরবারে খাজনা দিতে পারবেন বলে জানিয়েছেন বোমাং রাজা উচপ্রু চৌধুরীর সহকারী অংঝাউখ্যায়ং।
উল্লেখ্য, আজ ৮ মার্চ বান্দরবান বােমাং সার্কেলের খাজনা আদায়ী উৎসব রাজপুন্যাহ অনুষ্ঠিত হবে। এ সময় রাজার প্রতিনিধি হেডম্যান ও কারবারীরা সার্কেলের জুম চাষীদের কাছ থেকে আদায়কৃত খাজনা রাজার কাছে পরিশােধ করবেন। সাধারণতঃ ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকে বেশঘটা করে রাজপুন্যাহ উৎসব হলেও, এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে মার্চ মাসে আয়ােজন করে বােমাং সার্কেল কর্তৃপক্ষ।