কিকিউ মার্মা,বান্দরবান: মাত্র আর ক’দিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্তসময় পাড় করছেন বান্দরবানে প্রতিমা তৈরীর কারিগরসহ সবাই।
জেলায় ২৭টি পূজামন্ডপে এবারে এই উৎসব জাঁকজমকভাবে পালন করা হবে। যার মধ্যে শুধু জেলা সদরেই মন্ডপ হবে ১০টি। স্থানীয় রাজার মাঠেই তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় পূজা মন্ডপ। ব্যয় করা হচ্ছে প্রায় ২০লক্ষ টাকা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দূর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজর কারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। আর সনাতন ধর্মালম্বীদের এই বৃহৎম দূর্গাপূজা উৎসবকে সুন্দর ও সফল করতে শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা বড় করে দুর্গা পূজা উদযাপন করতে যাচ্ছি। এখানে একটি শারদ মেলা চলবে। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। এসব কিছু দেখতে বান্দরবানে প্রচুর পর্যটক ও দর্শনার্থীরা এখানে বেড়াতে আসবে বলে আমরা মনে করছি।’
উৎসবে নিরাপত্তা বিষয়ের বান্দরবান জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে পুলিশ প্রশাসন পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা থাকবে। এছাড়া মোবাইল পুলিশ, সাদা পোশাকধারী ও ডিবি পুলিশও থাকবে।”
আয়োজকরা জানান, এবারে মা দূর্গা আসবেন ঘোড়ায় চড়ে,আবার ঘেড়ায় চড়ে যাবেন। আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মহামায়া দেবী দূর্গার আর্বিভাব ও দেবতা কর্তৃক অস্ত্রপ্রদান প্রদর্শনী, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শরৎ মেলাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে পাঁচদিনের এই উৎসব আগামী ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি হবে।
এদিকে বান্দরবান জেলা ছাড়াও উপজেলার সবকয়েকটি পূঁজা মন্ডপগুলোতে সর্বত্র ব্যাপক আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।