কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে পর্যটকবাহী একটি বাসের সাথে বৈদ্যুতিক পিলারের ধাক্কা লেগে মো: রাজু (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। তাদের সবার বাড়ি খুলনা জেলার ১৩ খেদা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে বান্দরবানের বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ ও আহত পর্যটকরা জানান, গত বৃহস্পতিবার খুলনার ১৩ খেদা এলাকা থেকে পর্যটকবাহী একটি বাস কক্সবাজার-বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়।পরে কক্সবাজার ভ্রমণ শেষে ওই বাসটি আজ সকালে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি দুপুর সাড়ে ১২ টার দিকে বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় প্রবেশ করতেই, নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে।
এসময় দমকলবাহিনীর সদস্য, পুলিশ, সেনাবাহিনী, আনসার, রেডক্রিসেন্টের সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।তবে হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকরা । ওই বাসে ৫০ থেকে ৫২ জন পর্যটক ছিল বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, আহতদের সবাইকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. মাজেদুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথে একজন মারা যায়। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।