কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: গায়েবি মামলা প্রত্যাহার, গ্রেপ্তার, গভীর রাতে বাড়িতে বাড়িতে তল্লাশি ও পুলিশি হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকালে বান্দরবান শহরের ফিস্ট রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন বান্দরবান ৩০০নং আসনে বিএনপি,২০দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট এর মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক মোঃ ওসমান গণিসহ প্রায় ৪শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ১০টি গায়েবী, মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। আর এসব কারণে গত ১৫দিন ধরে পুলিশি তল্লাশির ভয়ে এসব নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। মামলার এজাহারের কপি আমরা সংগ্রহ করেছি।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, ইতিমধ্যে নৌকা প্রতীক প্রার্থী বীর বাহাদুর ৫০হাজার জাল ব্যালট পেপার মজুদ রেখেছে। ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের পাশাপাশি দলের নেতাকর্মীদের দিয়ে এসব জাল ব্যালট পেপার বুথে ঢুকিয়ে বিজয় নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এসময় বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক মোঃ ওসমান গণি, সহ সভাপতি আবদুল কুদ্দুছ, যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।