বান্দরবানে অসহায়, দু:স্থ ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে মানবিক উদ্যোগ হিসেবে “এক মিনিটের বাজার” নামে এক ভিন্ন ধর্মী বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। নামে বাজার হলেও সেনাবাহিনীর একটি ব্যতীক্রমী সেবামূলক উদ্যোগ এটি।
রবিবার (১৭মে) সকালে বান্দরবান স্টেডিয়ামে করোনার প্রাদুর্ভাবে মানুষের সেবা প্রদানের জন্য ২৪পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশে বান্দরবানের সেনা রিজিয়ণ এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মোঃ শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি, এ বাজারের উদ্বোধন করেন।
এ বাজার থেকে ৩’শ মানুষ তালিকা অনুযায়ী টোকেন এর মাধ্যমে অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ১মিনিটের মধ্যে চাল, আলু, ঢেঁরশ, বরবটি, মরিচ ও চালসহ ৮ জাতের পণ্য দেয়া হয়েছে বিনামূল্যে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। বাজারে প্রবেশ মুখে ছিল জীবানু নাশক বুথ এবং হাত ধোয়ার সামগ্রী।
ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি বলেন, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না, তারা এখান থেকে বিনামূল্যে বাজার করতে পেরে উপকৃত হচ্ছে। এছাড়া এ বাজারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হয়েছে।