বাবার সঙ্গে বিরোধ চলছে জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবির। তার বাবা জোর করে অন্য এক যুবকের সঙ্গে তাকে বিয়ে দেয়। ছবির প্রেমিককে বাবা ও ভাই নির্মমভাবে খুন করে। ছবি কোনোভাবেই বাবার পছন্দের ছেলেকে গ্রহণ করতে পারে না। বাবা-মেয়ের এই বিরোধ দিন দিন বেড়েই চলছে। এর পরিণতি কি হবে? এমন প্রশ্নের উত্তর ঘিরেই বিস্তৃত দীপ্ত টিভির ‘স্বপ্ন দেখে মন’ শিরোনামের নতুন একটি ডেইলিসোপে দেখা যাবে ফারজানা ছবিকে। এতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। আগামী মাসে এই ডেইলিসোপটি প্রচারে আসবে জানান ছবি।
এটি নির্মাণ করছেন তুষার খান ও শ্যামল ভাদুড়ী। ডেইলিসোপটি নিয়ে ছবি বলেন, ঢাকার একটি প্রভাবশালী পরিবারের গল্প নিয়ে এটি নির্মাণ হচ্ছে। পরিবারটি ‘সর্দার পরিবার’ হিসেবেই সবার কাছে পরিচিত। বাবার সঙ্গে বিরোধ এমন একটি মেয়ের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। চরিত্রটির মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে। ডেইলিসোপটিতে আরও অভিনয় করছেন প্রাণ রায়, নাদিয়া আহমেদ, রওনক হাসান ও সাবেরী আলম।
এদিকে ফারজানা ছবির একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো কায়সার আহমেদের ‘বকুলপুর’, ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’ ও আকাশ রঞ্জনের ‘রসের হাঁড়ি’।