Friday, September 4

বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ

0

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রগতি সরণির নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনায় প্রগতি সরণির নর্দ্দা-কুড়িল চৌরাস্তার মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
রাস্তা অবরোধের কারণে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যাপক জানযটের সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের লাশ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্র্যাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.