চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে উত্যক্ত করে জনরোষ থেকে পালাতে গিয়ে বাস থেকে পড়ে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইলের বাড়ি সাতকানিয়া উপজেলায়
বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় বাস চালকের সহকারী আজিজ প্রকাশ সাকিব (২৫) ও দুই নারীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নিহত যুবক চলন্ত বাসে এক নারী যাত্রীকে উত্যক্ত করে এ ঘটনায় বাসের অন্য যাত্রীরা তাকে মারধরের চেষ্টা করলে ইসমাইল চলন্ত বাস থেকে দ্রুত নামতে গিয়ে পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।