২০১৮ সালের প্রথম তিন মাসে মন্ত্রিসভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন অবগতি ও পরবর্তী নির্দেশনার জন্য পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত বাস্তবায়িত বা অবাস্তবায়িত রয়েছে তার বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে মন্ত্রিসভার যেসব সিদ্ধান্ত অপ্রয়োজনীয় সে বিষয়েও নির্দেশনা প্রার্থনা করা হয়েছে এতে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে এ তথ্য। মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়েছে, বছরের প্রথম তিন মাসে বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার ৬৮ দশমিক ২৫ শতাংশ। আর বাস্তবায়নাধীন রয়েছে ৩১ দশমিক ৭৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে মন্ত্রিসভা বৈঠক হয়েছে মোট ৭টি। এতে ৬৩টি সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এর মধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন রয়েছে ২০টি। তাছাড়া একই সময়ে ৩টি নীতি/কর্মকৌশল ও ৪টি চুক্তি/এমওইউ অনুমোদিত হয়েছে। আর সংসদে আইন পাশ হয়েছে ১৫টি। তাছাড়া বর্তমান সরকারের মেয়াদে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা বিভিন্ন আইনের মধ্যে ২০১৪ সালে ১টি, ২০১৫ সালে ২টি এবং ২০১৬ সালের ৯টি আইন মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিলেও গত এক বছরে তার চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব পাঠায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
এছাড়াও অনুমোদিত কতিপয় সিদ্ধান্ত দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও বাস্তবায়ন হয়নি। এর মধ্যে যেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয় অথবা বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়নের প্রয়োজন নেই সেসব সিদ্ধান্তগুলো বাতিল/সংশোধনের জন্য সংশ্লিষ্ট সচিবদের সচেষ্ট হতে পরামর্শ দেয়া হয়েছে এতে।এরআগে ২০১৭ সালে ৩৬টি মন্ত্রিসভা বৈঠকে ৩২৩টি সিদ্ধান্ত নেয়া হয়। তার ২৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। আর বাস্তবায়নাধীন রয়েছে ১৫ দশমিক ১৭ শতাংশ। ২০১৬ সালে ৪২টি মন্ত্রিসভা বৈঠকে ৩৪৩টি সিদ্ধান্ত নেয়া হয়। যার বাস্তবায়নের হার ৯১ দশমিক ৫৫ শতাংশ। ২০১৫ সালে ৪৮টি বৈঠকে ৩১১টি সিদ্ধান্ত নেয়া হয়। এসব সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। তারও আগে ৪১টি মন্ত্রিসভা বৈঠকে নেয়া ২৪৫টি সিদ্ধান্তের মধ্যে ২২৯টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এপ্রেক্ষিতে ২০১৪ সালে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯৩ দশমিক ৪৭ শতাংশ।