খুলনা শহরে বাড়ি তৈরির জন্য তিন কাঠার জমির একটি প্লট পেলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। যদিও এক সময় পরিবারের সঙ্গে টিনের ঘরে থাকতেন তিনি। কিন্তু গত বছরের অক্টোবরে দেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট খেলে ১৯ উইকেট পান মিরাজ। একইসঙ্গে তার এই কৃতিত্বে বাংলাদেশও প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ও সিরিজ ড্র করে। এর পরই দেশ-বিদেশের সংবাদমাধ্যমে তার পরিবারের দারিদ্র্যের খবর প্রকাশিত হয়। তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি তৈরির জন্য এক হাজার এক টাকার প্রতীকী মূল্যে তিন দশমিক শূন্য ৭ কাঠার প্লট মিরাজের নামে বরাদ্দের নির্দেশ দেন। অবশেষে ওই প্লট পেলেন মিরাজ। ইতিমধ্যে প্লট বরাদ্দের কাগজপত্র তার বাবা জালাল হোসেনের হাতে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিরাজের বাবা জালাল হোসেন রেন্ট-এ কারের মাইক্রোবাসচালক। খুলনার খালিশপুরে টিনের ঘরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন তিনি।
এ ব্যাপারে কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ জানান, মিরাজের হয়ে গত ২৪ অগাস্ট তার বাবা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে প্লটের কাগজপত্র বুঝে নেন।
জানা গেছে, প্লটের বরাদ্দপত্র পেয়ে উচ্ছ্বসিত পিতা জালাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, গত ২৪ অগাস্ট কেডিএর চেয়ারম্যান মোবাইলে ফোন করে ডেকে নিয়ে জমির প্লটের বরাদ্দপত্র দেন। চট্টগ্রামে টেস্ট ম্যাচ শেষে মিরাজ খুলনায় এলে জমির রেজিস্ট্রি করা হবে।