Wednesday, August 26

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: সেতুমন্ত্রী

0

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি নালিশ পাটি নামে পরিচতি। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এদেশের ইতিহাসে আছে, যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা কোনদিন বিজয়ী হতে পারে না। বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি শুধু ইস্যু খুঁজে বেড়ায়, তারা ওই ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না।

ওবায়দুল কাদের এ সময় ভোলা-চরফ্যাশন-বাবুরহাট সড়ক প্রসস্থকরণে এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।এর আগে মন্ত্রী ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্ধোধন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চলমান রয়েছে এবং তা চলবে। যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারাদেশে।

তিনি জানান, যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুনীতি নিয়ন্ত্রণে না আসবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোনও বিরতি নেই।

মন্ত্রী আরও বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধ অভিযান শুরু করেছে, শুধু ঘর নয়, নিজেদের আত্মীয় স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোনও রাঘব-বোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানের কোনও শিথিলতা নেই।

উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থাপনা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.